নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের এবং নিউটন গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় গ্রুপের ৪ জন নিহত হয়েছেন। এ সময় ৬ থেকে ৭ জন গুরুতর আহত হন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- উপজেলার বড়কুলা গ্রামের নিউটন গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, চাচাতো ভাই ফেরদৌস শেখ এবং খায়ের গ্রুপের সাবেক চেয়ারম্যান ওসিবুর মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও নিউটনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিউটন গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও ফেরদৌস হোসেন মারা যান। এসময় গুরুতর আহত অপর গ্রুপের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানা পুলিশের ওসি ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।