আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স বাজারে বিশেষ প্রচারণা শুরু করেছে বিশ্বের শীর্ষ ব্র্যান্ড কনকা ইলেকট্রনিক্সের উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড গ্রুপ। খুচরা ও পাইকারি উভয় গ্রাহকের জন্য চালু হওয়া এই অফার ঈদুল আজহা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
প্রচারাভিযানের আওতায় খুচরা ক্রেতারা কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াশিং মেশিন কিনলে একটি স্ক্র্যাচকার্ড পাবেন। স্ক্র্যাচকার্ড ঘষেই স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ থাকছে।
উদ্বোধনী সম্মেলনে ইলেক্ট্রো মার্ট লিমিটেড গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার আগত অংশীদার ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে কনকা ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য দেশের গ্রাহকদের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে এখন কনকা পণ্য সহজলভ্য। এ অর্জনের কৃতিত্ব তিনি অংশীদার, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের আস্থা ও ভালোবাসার ফল বলে অভিহিত করেন।
তিনি আরও জানান, কনকা ও হাইকো ব্র্যান্ডের পণ্য গুণগত মান, আধুনিক প্রযুক্তি, বিক্রয়োত্তর সেবা ও সাশ্রয়ী মূল্যের কারণে দেশ-বিদেশে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। অচিরেই বাজারে কনকা ও হাইকো ব্র্যান্ডের নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার যুক্ত হবে বলেও তিনি জানান।
সম্মেলনে কনকা ব্র্যান্ডের পণ্যের বৈশিষ্ট্য ও প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে কনকা রেফ্রিজারেটর, ফ্রিজার ও সিলিং ফ্যান সম্পূর্ণভাবে বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিটি পণ্য পরিবেশবান্ধব, ব্যবহারবান্ধব এবং গ্রাহকের প্রয়োজন ও রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইন করা।
কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজারে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির মধ্যে রয়েছে ব্লু-জোন ও ভিটামিন ফ্রেশ টেকনোলজি, ফেস-আপ ফোমিং টেকনোলজি, অ্যাক্টিভ কার্বন ডিওডোরাইজার, হিউমিডিটি কন্ট্রোলার, অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট, ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি এবং ডিপ ফ্রিজারের অটো টেকনোলজি। বিশেষ করে অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় করতে সক্ষম বলে জানানো হয়, যা খাবারের গুণগত মান বজায় রাখতে সহায়তা করে এবং এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়াতে দেয় না।
ফ্রিজের ভেতরে প্রশস্ত ও গভীর নকশা থাকায় মাছ, মাংস, সবজি ও ফল একসঙ্গে সংরক্ষণে বাড়তি জায়গার সুবিধা পাওয়া যায়। এছাড়া আমেরিকান এফডিআই কর্তৃক সার্টিফায়েড ১০০ শতাংশ ফুড গ্রেড উপাদান ব্যবহারের কথাও জানানো হয়। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে ইনভার্টার প্রযুক্তি যুক্ত থাকায় বিদ্যুৎ বিল কমানো ও পণ্যের স্থায়িত্ব বৃদ্ধির সুবিধা রয়েছে বলে দাবি করা হয়। ফ্রিজারের ট্রিপল মোড ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলের মাধ্যমে রেফ্রিজারেটর, ফ্রিজার ও সুপারকুল—এই তিন সুবিধা একসঙ্গে পাওয়া যায়।
এছাড়া কনকার হোম অ্যাপ্লায়েন্স পণ্যের মধ্যে রয়েছে এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার ও ইলেকট্রিক আয়রন। এসব পণ্যের কিছু যন্ত্রাংশ আমদানি করে দেশে সংযোজন ও উৎপাদন করা হচ্ছে বলে জানানো হয়।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম জুলহাক হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।