শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল হামলা করছে বলে খবর পাওয়া গেছে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েলেও কোনো হতাহত হয়নি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চাকধ বাজারে অবস্থিত ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ নামে উপজেলার ভূমখাড়া ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, রাত পৌনে ৯টার দিকে দুইব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ ক্লাবের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এরমধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়, আরেকটি অবিস্ফোরিত রয়ে যায়। রাতের অন্ধকারে ককটেল নিক্ষেপকারীদের কেউ চিনতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পাশাপাশি বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। এ বিষয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে ভুমখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল পেদা বলেন, এটি একটি ন্যক্কারজনক ও পরিকল্পিত হামলা। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।