রাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় বিআইডব্লিউটিএ'র নতুন প্রজেক্টের ভিতরে রড চুরির অভিযোগে গনধোলাইয়ে এক যুবক মারা গেছেন। তার নাম আব্দুর রহিম (৩৫) বলে জানা গেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুর পোস্তগোলা শ্বশান ঘাট বিআইডব্লিউটিএ'র নতুন প্রজেক্টের ভিতরে এই ঘটনা ঘটে। পরে শ্যামপুর থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহআলম জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলায় ওই প্রজেক্টের ভিতরে রড চুরি করতে গিয়েছিল ওই যুবক। এসময় টের পেয়ে সেখানকার লোকজন তাকে ধরে ফেলে। এরপর গণধোলাই দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা গেছেন।
এসআই জানান, তার নাম জানা গেছে আব্দুর রহিম। তবে তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।