খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর রূহের মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনায় রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী আশিয়ান গ্রুপ আয়োজন করা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজনীতি, সাংবাদিকতা, শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রে বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা-১৯ (সাভার) আসনের এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহিদুল আহসান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ।

আয়োজক মো. নজরুল ইসলাম ভূঁইয়া অনুষ্ঠান পরিচালনার সময় আবেগাপ্লুত হয়ে বলেন, ব্যক্তিগত জীবনে তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদে যুক্ত না হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করে নিজের জীবন ও ব্যবসায়িক সততা প্রতিষ্ঠা করেছেন। স্মৃতিচারণের সময় তিনি বারবার আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এই দোয়া ও ইফতার মাহফিল কোনো ব্যক্তিগত প্রচার বা গৌরবের জন্য নয়; বরং চার দশকেরও বেশি সময় ধরে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ধারাবাহিক উদ্যোগ। প্রতি রমজানে হাজারো অসহায় ও নিম্নআয়ের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান আমাদের দায়িত্ব। মানুষের দোয়া ছাড়া জীবনে কোনো সফলতা নেই। আমরা চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন, সঠিক পথে রাখুন এবং দেশকে শান্তি ও কল্যাণে ভরিয়ে দিন।’

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া এবং পয়সা বাজারের চেয়ারম্যান অনামিকা ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে রাজনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করে এক বিশাল সমাবেশের আয়োজন করে।