ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

নীলফামারীর জলঢাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় বিথী আক্তার(৫) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়া বাজার এলাকায়। নিহত বিথী মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট উত্তরপাড়া এলাকার বাবুল ইসলামের মেয়ে ও ব্র্যাক পরিচালিত একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

তার মর্মান্তিক মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। এদিকে খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে ও সমবেদনা জানাতে নিহতের বাড়িতে যান নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে স্কুলে ক্লাস শেষ করে ভ্যানে করে বাড়ির ফিরছিল বিথী আক্তার। এসময়ে সে মীরগঞ্জ পাঠানপাড়া বাজার এলাকায় নেমে রাস্তা পার হওয়ার সময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময়ে সে ছিটকে পরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে।  

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। ততক্ষনে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করে। তিনি বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।