রমজানে ঘরকে ইবাদতমুখর করার উপায়

রহমত ও বরকতে সিক্ত করার মাস রমজান। রমজান ইবাদতের মাস। আমাদের উচিত, এ মাসে ঘরে ইবাদতমুখর পরিবেশ তৈরি করা, যাতে পরিবারের সবাই সহজেই মহান আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারে। হজরত রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (সহিহ বুখারি)

নামাজের পরিবেশ তৈরি করা : রমজানে ঘরে নামাজের পরিবেশ সৃষ্টি করা জরুরি। ঘরের একটি নির্দিষ্ট স্থান নামাজের জন্য নির্ধারিত করা যেতে পারে, যেখানে সবসময় জায়নামাজ, তসবিহ ও কোরআন রাখা থাকবে। রাসুল (সা.) বলেন, ‘তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না (অর্থাৎ নামাজবিহীন রেখো না)।’ (সহিহ মুসলিম)

কোরআন তেলাওয়াত করা : রমজান কোরআনের মাস। রাসুল (সা.) রমজান মাসে জিবরাইল (আ.)-এর সঙ্গে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতেন। তাই আমাদের উচিত, প্রতিদিন পরিবারের সঙ্গে কোরআন তেলাওয়াত ও তাফসিরের আলোচনা করা জরুরি।

পরিবারকে ইসলামি শিক্ষায় উৎসাহিত করা : রমজানে আমাদের দায়িত্ব শুধু নিজের ইবাদত করা নয়, বরং পরিবারের সবাইকে ইসলামের পথে পরিচালিত করা। শিশুদের ছোট ছোট দোয়া, কোরআনের সুরা এবং ইসলামের মৌলিক বিষয় শিক্ষা দেওয়া জরুরি।

ঘরের কর্তাকেই আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেনো সন্তান, স্ত্রীকে কোরআন শিক্ষা দেওয় হয়নি? আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের যেন লজ্জিত হতে না হয়। আমাদের সন্তান যেন কাল কেয়ামতের দিন আমাদের সম্পর্কে আল্লাহর কাছে অভিযোগ করতে না পারে যে, আমার বাবা আমাকে কখনোই নামাজের কথা বলেনি, আমাকে কোরআন শিক্ষা দেয়নি। তিনি যদি শিখাতেন আমি দ্বীন শিখতে পারতাম। দ্বীনের পথে চলতে পারতাম। এমন কঠিন পরিস্থিতিতে যেন আমাদের পড়তে না হয়।

ইফতার ও সাহরির আমল : পরিবারের সবাই মিলে ইফতার ও সাহরি করা সুন্নত। ইফতারের সময় দোয়া করা এবং আল্লাহর প্রশংসা করাও অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসুল (সা.) ইফতারের সময় এই দোয়া পড়তেন, ‘হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার প্রতি ইমান এনেছি, তোমার ওপর ভরসা করেছি, তোমারই দেওয়া রিজিকে ইফতার করছি।’ (আবু দাউদ)

দান-সদকার পরিবেশ তৈরি করা : রমজান মাসে দান-সদকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুল (সা.) রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন সাহাবিরাও নিজেদের সম্পদের বিশাল অংশ দান করতেন। তাই আমাদের উচিত, গরিব-অসহায়দের সাহায্য করা, পরিবারের সদস্যদের দান করতে উদ্বুদ্ধ করা।

গুনাহমুক্ত পরিবেশ নিশ্চিত করা : ইবাদতের পরিবেশ তখনই সুসংগঠিত হবে, যখন ঘরকে গুনাহ থেকে মুক্ত রাখা যাবে। মিথ্যা, গিবত, অনর্থক কথা বলা এবং সময় অপচয় করা থেকে বিরত থাকতে হবে। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ বর্জন করল না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধু পানাহার ত্যাগ করবে।’ (সহিহ বুখারি)

ইবাদতের প্রতিযোগিতা করা : পরিবারের সদস্যদের মধ্যে ইবাদতের প্রতি আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। যেমন- কে বেশি কোরআন তেলাওয়াত করবে, কে বেশি দান করবে, কে সুন্দরভাবে নামাজ আদায় করবে ইত্যাদি। আল্লাহ বলেন, ‘সৎকর্মে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো।’ (সুরা মায়েদা ৪৮)

রাতের ইবাদতে উদ্বুদ্ধ করা : রমজানের রাত ইবাদতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদ, নফল নামাজ, ইস্তিগফার ও দোয়ার পরিবেশ তৈরি করা উচিত। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল (তারাবি, তাহাজ্জুদ) আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে।’ (সহিহ বুখরি)

রমজান মাস আমাদের জন্য অনেক নেয়ামত। রমজান মাসে ইবাদতের পরিবেশ সৃষ্টি করতে পারলে পুরো পরিবার বরকত ও রহমতের অংশীদার হতে পারবে। মহান আল্লাহ আমাদের ঘরগুলোকে ইবাদতের কেন্দ্র বানিয়ে দিন। আমিন।

লেখক : শিক্ষার্থী, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ