পারমাণবিক প্রযুক্তি থেকে আধুনিক সাইবার যুদ্ধ

মানব ইতিহাসে যুদ্ধাস্ত্রের উদ্ভাবন কখনো থেমে নেই। কিছু অস্ত্র শুধু শক্তিশালী নয়, বরং বিপজ্জনক এবং অত্যন্ত উদ্ভাবনী, যা যুদ্ধের ভবিষ্যৎ রচনা করছে। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব

পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা আমরা হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসস্তূপে দেখেছি, কিন্তু বর্তমান বিশ্বের পরমাণু রাজনীতি কেবল সেই পুরনো ধ্বংসলীলায় সীমাবদ্ধ নেই। আধুনিক যুগে কৌশলগত পারমাণবিক অস্ত্র বা টেকটিক্যাল নিউক্লিয়ার উইপন এমনভাবে তৈরি করা হয়েছে, যা নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে সীমিত পরিসরে ব্যবহার করা সম্ভব, যা এই অস্ত্রের ব্যবহারের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক পরমাণু অপ্রসারণ চুক্তি বা এনপিটি থাকা সত্ত্বেও দেশগুলো তাদের অস্ত্রভাণ্ডারকে আরও আধুনিক ও নিখুঁত করছে। এই আধুনিকায়নের সবচাইতে বিপজ্জনক মোড় হলো হাইপারসনিক মিসাইল প্রযুক্তি। রাশিয়ার তৈরি আভানগার্ড বা জিরকন মিসাইলগুলো শব্দের চেয়ে বিশ থেকে সাতাশ গুণ বেশি গতিতে বায়ুমণ্ডলের ওপর দিয়ে সর্পিল গতিতে ছুটে যেতে পারে। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো একটি নির্দিষ্ট প্যারাবোলিক পথে চলে বলে সেগুলোকে রাডার দিয়ে শনাক্ত করে মাঝ আকাশে ধ্বংস করা সহজ ছিল। কিন্তু হাইপারসনিক মিসাইলগুলো তাদের গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে বিশ্বের দামি দামি মিসাইল ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ঢালগুলো এখন অকেজো হওয়ার উপক্রম হয়েছে। এই প্রযুক্তি যুদ্ধের সংজ্ঞাকে বদলে দিচ্ছে, কারণ এখন আক্রমণ করার পর প্রতিপক্ষকে পালটা আঘাতের জন্য চিন্তা করার সময়টুকুও দেওয়া হচ্ছে না। হাইপারসনিক গতি এবং পরমাণু অস্ত্রের এই সংমিশ্রণ মানবসভ্যতাকে এক চরম অস্থিরতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

ড্রোন বিপ্লব

যুদ্ধক্ষেত্রের আকাশে এখন আর কেবল মানুষের চালানো বিমান ঘুরে বেড়ায় না, বরং জায়গা করে নিয়েছে ছোট-বড় অগুনতি ড্রোন। এই ড্রোন প্রযুক্তির সবচেয়ে উদ্ভাবনী ও ভীতিজাগানিয়া রূপ হলো অটোনোমাস বা স্বয়ংক্রিয় ঘাতক রোবট। মার্কিন যুক্তরাষ্ট্রের সুইচব্লেড বা তুরস্কের বায়রাক্তার ড্রোনগুলো আজ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। সুইচব্লেড ড্রোনকে বলা হয় লয়টারিং মিউনিশন বা উড়ন্ত মিসাইল, যা লক্ষ্যবস্তুর মাথার ওপর অনেকক্ষণ ধরে চক্কর কাটতে পারে এবং সঠিক সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে। এর উদ্ভাবনী দিক হলো এর বহনযোগ্যতা; একজন সাধারণ সৈনিক এটি ব্যাগে করে নিয়ে যেতে পারে এবং ল্যাপটপ বা ট্যাবলেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ফলে ড্রোনগুলো এখন আর মানুষের নির্দেশের অপেক্ষায় থাকে না। এগুলো নিজেরাই শত্রু এবং মিত্রের পার্থক্য বুঝতে পারে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করে আক্রমণ চালায়। একে বলা হয় লিথাল অটোনোমাস উইপন সিস্টেম। এই প্রযুক্তির ফলে সম্মুখ যুদ্ধে সৈন্য পাঠানোর ঝুঁকি কমে গেলেও নৈতিক প্রশ্ন দেখা দিয়েছে যে, একটি যন্ত্র কি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। শহর অঞ্চলের যুদ্ধে বা ঘনবসতিপূর্ণ এলাকায় এই ছোট ছোট ড্রোনগুলো এখন স্নাইপারের চেয়েও বেশি কার্যকর ও বিপজ্জনক হয়ে উঠেছে।

অদৃশ্য সাইবার রণক্ষেত্র

বর্তমান বিশ্বের যুদ্ধ কেবল কামান বা গোলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন ঢুকে পড়েছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের ভেতরে। সাইবার অস্ত্র এখন একটি পারমাণবিক বোমার সমান ক্ষতি করার ক্ষমতা রাখে। রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার গোষ্ঠীগুলো এখন স্টাক্সনেটের মতো ম্যালওয়্যার তৈরি করছে, যা কোনো দেশের পারমাণবিক কেন্দ্র বা শিল্প কারখানার নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে। একটি দেশের ব্যাংক ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্যাস সরবরাহ লাইন বা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম হ্যাক করার মাধ্যমে পুরো দেশটিকে পঙ্গু করে দেওয়া সম্ভব। এতে কোনো রক্তপাত হয় না ঠিকই, কিন্তু এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে। এর পাশাপাশি ইলেকট্রো-ম্যাগনেটিক পালস বা ইএমপি অস্ত্র নিয়ে গবেষণা চলছে, যা বায়ুমণ্ডলে বিস্ফোরিত হয়ে একটি বিস্তীর্ণ এলাকার সব ইলেকট্রনিক সরঞ্জাম পুড়িয়ে দিতে পারে। আধুনিক পৃথিবী যেহেতু পুরোপুরি সেমিকন্ডাক্টর এবং ইন্টারনেটের ওপর নির্ভরশীল, তাই একটি বড় মাপের সাইবার বা ইএমপি আক্রমণ কোনো উন্নত জাতিকে মুহূর্তে প্রস্তর যুগে পাঠিয়ে দিতে পারে। এই অদৃশ্য যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আক্রমণকারীকে সহজে শনাক্ত করা যায় না, ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী এর বিচার করাও কঠিন হয়ে পড়ে।

রাসায়নিক যুদ্ধের বিভীষিকা

বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ এখন অণুজীবকেও মারণাস্ত্র হিসেবে ব্যবহারের পথ খুঁজে পেয়েছে। জীবাণু অস্ত্র বা বায়োলজিক্যাল ওয়েপন হলো প্রকৃতির বিরুদ্ধে মানুষের এক চরম বিদ্রোহ। গবেষণাগারে তৈরি করা কৃত্রিম ভাইরাস বা ব্যাকটেরিয়া যেমন অ্যানথ্রাক্স বা পরিবর্তিত কোনো ফ্লু ভাইরাসকে যখন বাতাসের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, তখন তা কোনো সীমানা মানে না। এটি কেবল সৈন্য নয় বরং পুরো একটি জনপদকে নিঃশব্দে নিশ্চিহ্ন করে দিতে পারে। রাসায়নিক অস্ত্রের ক্ষেত্রে ভিএক্স নার্ভ এজেন্ট বা সারিন গ্যাসের মতো বিষাক্ত উপাদানগুলো মানুষের স্নায়ুতন্ত্রকে সেকেন্ডের মধ্যে অকেজো করে দেয়। যারা এই গ্যাসের সংস্পর্শে আসে তাদের শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় এবং তারা অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে মৃত্যুবরণ করে। যদিও রাসায়নিক অস্ত্র কনভেনশন বা সিডব্লিউসি এ ধরনের অস্ত্রের ব্যবহার ও মজুদ কঠোরভাবে নিষিদ্ধ করেছে, তবুও অনেক সময় সিরিয়া বা ইরাকের মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এর প্রয়োগ দেখা গেছে। এই অস্ত্রগুলো উদ্ভাবনী এই অর্থে যে এগুলোর প্রয়োগ অত্যন্ত সহজ এবং স্বল্প খরচে ব্যাপক প্রাণহানি ঘটানো যায়, যা একে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর কাছেও আকর্ষণীয় করে তুলেছে।

ভবিষ্যৎ সমরাস্ত্রের নীলনকশা

যুদ্ধক্ষেত্রের পরবর্তী বিপ্লব হতে যাচ্ছে নির্দেশিত শক্তি বা ডিরেক্টেড এনার্জি উইপন, যাকে আমরা সাধারণ ভাষায় লেজার অস্ত্র বলি। বড় বড় মিসাইল বা ড্রোন ধ্বংস করতে এখন আর দামি গোলাবারুদ ব্যবহারের প্রয়োজন হবে না। উচ্চ ক্ষমতার লেজার রশ্মি আলোর গতিতে লক্ষ্যবস্তুর গায়ে এমন তাপ উৎপন্ন করবে যে তা মাঝ আকাশেই গলে বা বিস্ফোরিত হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগনফায়ার বা রাশিয়ার পিরেসভের মতো লেজার সিস্টেমগুলো এখন পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। এই প্রযুক্তির বড় সুবিধা হলো এর নিখুঁত লক্ষ্যভেদ এবং ব্যবহারের খরচ অত্যন্ত কম। একটি লেজার শট দিতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তা একটি সাধারণ কামানের গোলার চেয়ে অনেক সস্তা। এ ছাড়া উদ্ভাবনী স্মার্ট গোলাবারুদ বা এআই কন্ট্রোলড প্রজেক্টাইল এখন কামানের গোলার ধারণাকে বদলে দিচ্ছে। এই গোলাগুলো ছোড়ার পর বাতাসের গতি ও শত্রুর অবস্থান বুঝে নিজের পথ পরিবর্তন করতে পারে। ডিফেন্স শিল্ড বা বিদ্যুৎচালিত জ্যামিং প্রযুক্তি এখন এমন এক আবরণ তৈরি করছে যা শত্রুর রাডার বা যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়ে তাদের অন্ধ করে দেয়।

মহাকাশ যুদ্ধ ও সমুদ্রতলের লড়াই

ভবিষ্যতের যুদ্ধ কেবল বায়ুমণ্ডলের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, এটি এখন মহাকাশে ছড়িয়ে পড়ছে। আধুনিক দেশগুলোর যোগাযোগ ব্যবস্থা, জিপিএস নেভিগেশন এবং গোয়েন্দা নজরদারি পুরোপুরি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের ওপর নির্ভরশীল। এখন এমন সব ‘অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল’ বা এ-স্যাট প্রযুক্তি তৈরি হয়েছে, যা কক্ষপথে থাকা শত্রুপক্ষের স্যাটেলাইটকে সরাসরি ধ্বংস করতে পারে। এর বাইরেও লেজার বা মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহার করে স্যাটেলাইটের সেন্সরকে সাময়িকভাবে অন্ধ করে দেওয়ার প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। যদি কোনো দেশ মহাকাশে আধিপত্য বিস্তার করতে পারে, তবে পৃথিবীর বুকে থাকা প্রতিপক্ষের সব আধুনিক প্রযুক্তি মুহূর্তেই অচল হয়ে পড়বে। এই মহাকাশ যুদ্ধ বা স্পেস ওয়ারফেয়ারের উদ্ভাবনী দিক হলো এটি কোনো রক্তপাত ছাড়াই একটি দেশের সামরিক সক্ষমতাকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে।

ড্রোন প্রযুক্তি কেবল আকাশেই সীমাবদ্ধ নেই, এটি এখন সমুদ্রের গভীরেও পৌঁছে গেছে। ‘আনম্যানড আন্ডারওয়াটার ভেহিকেল’ বা ইউইউভি এখন সমুদ্রের তলদেশে কয়েক মাস ধরে পড়ে থাকতে পারে এবং সঠিক সময়ে শত্রুর জাহাজে বা সাবমেরিনে আঘাত হানতে পারে। রাশিয়ার ‘পসেইডন’ নামক টর্পেডোর কথা এখানে বলা যায়, যা আসলে একটি ড্রোন এবং এটি পারমাণবিক শক্তিতে চলে। এটি সমুদ্রের তলদেশে বিশাল সুনামির সৃষ্টি করে উপকূলীয় শহরগুলো ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। সমুদ্রের গভীরতা এবং পানির নিচে সিগন্যাল জ্যাম করার কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে এই ড্রোনগুলো যেভাবে কাজ করছে, তা নৌ-যুদ্ধের ইতিহাসে এক বিশাল উদ্ভাবন। এটি সমুদ্রের তলদেশকে এক অদৃশ্য এবং অত্যন্ত বিপজ্জনক রণক্ষেত্রে পরিণত করেছে।

মানুষের মস্তিষ্কে আক্রমণ

এটি যুদ্ধাস্ত্রের সবচেয়ে আধুনিক এবং সূক্ষ্ম একটি রূপ। এখানে অস্ত্র হিসেবে কোনো বোমা বা মিসাইল ব্যবহার করা হয় না, বরং মানুষের চিন্তাধারা এবং বিশ্বাসকে লক্ষ্যবস্তু করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম ব্যবহার করে একটি দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি, ভয় এবং বিভেদ সৃষ্টি করা হয়। একে বলা হয় ‘ষষ্ঠ ডোমেইন’-এর যুদ্ধ। ডিপফেক ভিডিও বা এআই জেনারেটেড ভুয়া অডিওর মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে দেশে গৃহযুদ্ধ বা চরম বিশৃঙ্খলা তৈরি করা সম্ভব। এ ধরনের ডিজিটাল প্রোপাগান্ডা যখন পরিকল্পিতভাবে চালানো হয়, তখন তা কোনো শক্তিশালী সেনাবাহিনীর চেয়েও বেশি ধ্বংসাত্মক হয়ে ওঠে কারণ এটি ভেতর থেকে একটি জাতিকে ভেঙে ফেলে।

এসব ভয়াবহ অস্ত্রের উদ্ভাবন ও প্রসার বিশ্ব জুড়ে এক নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে। পরাশক্তিগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা এখন সুতোর ওপর ঝুলছে। প্রযুক্তির এই উৎকর্ষ আমাদের অনেক সুবিধা দিলেও যুদ্ধের ময়দানে এটি করুণাহীন এক নিষ্ঠুরতা নিয়ে এসেছে। যখন কোনো যুদ্ধাস্ত্র স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয়, তখন সেখানে মানুষের মানবিকবোধ বা করুণার কোনো জায়গা থাকে না। জেনেভা কনভেনশন বা মানবাধিকারের বিভিন্ন চুক্তি এই প্রযুক্তিগত অগ্রগতির সামনে এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। দেশগুলো নিরাপত্তার অজুহাতে কোটি কোটি ডলার খরচ করছে এই ধ্বংসাত্মক প্রযুক্তি উদ্ভাবনে, অথচ এর একটি ক্ষুদ্র অংশ দিয়ে বিশ্বের দারিদ্র্য বা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা সম্ভব হতো।