শুরু হচ্ছে আসাদ কাজলের ‘কবিবাড়ি’

বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজলের গ্রন্থনা ও উপস্থাপনায় শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো ‘কবিবাড়ি’। বইমেলা উপলক্ষে মাস জুড়ে পাঁচ বছর ধরে অনুষ্ঠানটি প্রচার করছে দেশের একমাত্র সংবাদভিত্তিকি টিভি চ্যানেল এটিএন নিউজ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নানা কারণে এবার বইমেলা শুরু হচ্ছে একটু বিলম্বে আগামী (২৬ ফেব্রুয়ারি থেকে)। মেলার উদ্বোধনের দিন থেকেই প্রতিদিন দুপুর ২টায় প্রচারিত হবে ‘কবিবাড়ি’। জানা গেছে, এরই মধ্যে অনুষ্ঠানটির প্রথম পর্বের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ পর্বের অতিথি নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। আসাদ কাজল বলেন, আশা করি অনুষ্ঠানটি আগের মতো এবারও সানন্দে উপভোগ করবেন ‘কবিবাড়ি’।

অনুষ্ঠানটির নাম কবিবাড়ি হলেও তারকাবহুল এই সেলিব্রিটি শো’তে ইতিমধ্যে অতিথি হয়ে এসেছেন দেশের কবি, লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, কণ্ঠশিল্পী, রাজনীতিবিদ, চিত্রনায়ক, নায়িকা, নাট্যব্যক্তিত্বসহ জীবন্ত কিংবদন্তি গুণীজনরা। ‘কবিবাড়িতে যে জন আসে গুণীজন/তারাই দেশের অমূল্য মানবধন।’ উপস্থাপক আসাদ কাজল যখন এ কথা উপস্থাপন করেন তখন এ কথায় সত্যতা মিলে নিম্নোক্ত আমন্ত্রিত অতিথিদের তালিকা দেখে। এরই মধ্যে কবিবাড়িতে এসেছেন চিত্রনায়ক সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, আসাদ চৌধুরি আনোয়ারা সৈয়দ হক মোহন রায়হান, রেজাউদ্দিন স্টালিন, অসীম সাহা, জুয়েল আইচ, সেলিনা হোসেন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ফাতেমা তুজ জোহরা, শেখ সাদি খান, আবুল হায়াত, আবুল কাসেম ফজলুল হক, খুরশিদ আলম, আবু সালেহ, বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অধ্যাপক ড. মো. আজম, হাসান হাফিজ, আবু সাঈদ খান, দিলারা জামান, চিত্রনায়িকা রোজিনাসহ দেশবরেণ্য শতাধিক তারকা গুণীজন।

কবিবাড়ি প্রসঙ্গে আসাদ কাজল বলেন, ‘অনেক দিনের পরিকল্পনা এবং পরিশ্রম দিয়ে কবিবাড়ি দাঁড় করিয়েছি। এটি আমার স্বপ্নের একটি প্রজেক্ট। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে তারকাবহুল এ কবিবাড়ি অনুষ্ঠানটি আমি অনেক দূর নিয়ে যেতে চাই।’