দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন মমতা বেগম (৩৭) ও তার মেয়ে মুনতাহা (৭)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক মেয়ে মুবাশ্বিরা। মমতা পৌর সদরের পাটোয়ারীপাড়া এলাকার মো. আজাদের স্ত্রী। গতকাল সোমবার রাত ৮টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল নাদের পরিবহনের একটি বাস। এ সময় উপজেলার সোনাহার ইউনিয়নের বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন মমতা বেগম ও তার যমজ দুই মেয়ে মুনতাহা ও মুবাশ্বিরা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম। তারা নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও তার এক মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ঘাতক বাসটি সোনাহার বাজার এলাকায় আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।