চৌগাছায় সন্ত্রাসী হামলা

সাবেক কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে হামলার শিকার হন শাহিন। তিনি চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন। এ সময় পেছন থেকে স্থানীয় সন্ত্রাসীরা এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তির পর গত বুধবার ভোরে মাথায় অপারেশন করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৭২ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। ৭২ ঘণ্টা পার হলেও জ্ঞান না ফেরায় গতকাল সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিন মারা গেছেন। এখনো এ সংক্রান্ত কোনো তথ্য পাইনি। পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ করা হয়নি।