কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)। মঙ্গলবার সকাল ৬টার দিকে তাদের দগ্ধ অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, মনোয়ারার শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ অংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা গেছে, জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দু’জনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।