নড়াইলে নসিমন উল্টে চালক নিহত

নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা  স্ট্যান্ডে নছিমন উল্টে ঈমন মোল্লা (১৮) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারির আগ মূহুর্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন হবখালী ইউনিয়নের ধনয়াবাড়ি গ্রামের মো. আমিনুর মোল্লার ছেলে। 

নিহতের স্বজনরা জানান, ইমন মোল্লা বাড়ির পাশের বিলে বোরো ধানের ক্ষেতে পানি দিতে যান। পানি দেওয়া শেষ হলে ইফতার করার জন্য নসিমন চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে নড়াইল-মাগুরা সড়কের হাড়িগড়া বাসস্ট্যান্ড মোড় ঘুরতে গিয়ে নসিমন উল্টে তিনি তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছ। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।