নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. ইমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এই ঘটনা ঘটে।
নিহত ইমন (৩৯) মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর ঘোষবাগ এলাকায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, আনুমানিক রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে ইমন তার সহযোগীদের সঙ্গে স্থানীয় মাদক ব্যাবসায়ী জাহিদ গ্রুপের সদস্যদের সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় ইমনকে কুপিয়ে ফেলে রেখে যায় জাহিদ গ্রুপের সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ৩০০ শয্যা খানপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।