ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৩৯ লাখ করদাতা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা তাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ হওয়ায় করদাতারা স্বাচ্ছন্দ্যে তাদের রিটার্ন জমা দিচ্ছেন। এনবিআর সব ব্যক্তি করদাতাকে স্মরণ করিয়েছে যে, ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে জমা দেওয়ার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি, ২০২৫।

এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে এনবিআর। এর মাধ্যমে করদাতা মোবাইল ফোনের পরিবর্তে নিজস্ব ই-মেইলে ওটিপি পেয়ে পাসওয়ার্ড রিসেট ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্নে নিবন্ধন করেছেন কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের বাইরে থাকা করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ ও নিরাপদ হবে।