প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেট জারি করা হয়। Rules of Business, 1996-এর rule 3B(ii) অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান এই দায়িত্ব বণ্টন করেন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। প্রথম পর্যায়ে আটজনের দফতর বণ্টন করা হলেও আজ নতুন করে ড. হুমায়ুন কবির ও ডা. জাহেদ উর রহমানকে দফতর দেওয়া হয়েছে।
গেজেট অনুযায়ী, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. হুমায়ুন কবিরকে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অপর প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দেওয়া হয়েছে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি।
এর আগে মন্ত্রী পদমর্যাদার তিন উপদেষ্টা-মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
প্রতিমন্ত্রী পদমর্যাদার অন্যান্য উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অপর উপদেষ্টা মাহদী আমিনকে একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হবে। তিনি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেখভাল করবেন। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।