বাঁশখালীতে মোবাইল কোর্টের বিশেষ অ‌ভিযান

চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাম‌শেদুল আল‌মের নেতৃত্বে চাম্বল বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ ও বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ২৩ কেজি দই নষ্ট করা হয়। এছাড়া চাম্বল কাঁচা বাজারে মূল্যতালিকা না থাকায় বিভিন্ন দোকানিকে ৬টি মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয় বিভিন্ন বড় মুদির দোকানে অধিক মুনাফার আশায় কৃত্রিমভাবে মজুদদারি  করে বাজারে পণ্য সংকট তৈরি করা হচ্ছে কী না তা পর্যবেক্ষণ করা হয়।

অভিযানে অধিকাংশ মুদি দোকানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা গণবিজ্ঞপ্তি অনুসরণ করে পণ্যের মূল্য তালিকা সংরক্ষনের আহ্বান জানান। তরমুজের বাজার পরিদর্শন করে অধিক দামে তরমুজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

অপর‌দি‌কে বাঁশখালী উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের নেতৃত্বে বাজার মনিটরিং মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দা‌য়ে মামলা ও জ‌রিমানা আদায় করা হয়। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত বাঁশখালীর শীলকুপের টাইম বাজার এলাকায় বাজারমূল্য স্থিতিশীল রাখতে  এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সবজি ও ফলমূলের দোকানে মূল্যতালিকা, ব্যবসায়ীদের পণ্যক্রয়ের পাকা রশিদ সংরক্ষণের তাগিদ দেওয়া হয়। অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করার পাশাপাশি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩টি মামলা এবং ২৭ হাজার টাকা জ‌রিমানা ও আদায় করা হয়।