স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সারজিস আলম বলেন, আমরা নতুন একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছি। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা নির্বাচনে এসেছি। স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে ব্যাপারে আমরা সজাগ আছি।
দ্রুত প্রার্থী যাচাই-বাছাই শুরু হবে জানিয়ে তিনি বলেন, উপজেলা এবং সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আরও জানান, দলটি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পৌরসভা ও ইউনিয়ন থেকে জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের কাছে নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা যত বেশি থাকবে, তারাই মূল্যায়ন পাবে।
জোট নিয়ে এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, এখন পর্যন্ত এনসিপি ও জামায়াত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জোটকেন্দ্রিক নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত শেষ মুহূর্তে নেওয়া হবে।
বিএনপি সরকার দলীয় তোষামোদকারীদের সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, এনসিপি প্রতিটি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমাদের ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন ও ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে।