প্রায় এক মাস আগে বিচ্ছেদের একটি নতুন গান গেয়েছিলেন কণ্ঠশিল্পী সালমা। গানের শিরোনাম ‘এমন ভালোবাসা চাই না’। গানটি লিখেছেন অনুরূপ আইচ। সুর করেছেন শরিফ আল দ্বীন ও মিউজিক করেছেন শাফকাত হৃদয়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শত শত গানের মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। গানটি ‘সংগীতা মিউজিক’-এ কয়েক দিন আগেই প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘বিরহ ও কষ্টের আবহে ফোক ধাঁচের গান “এমন ভালোবাসা চাই না”। এই ফাল্গুনে, পাতাঝরা বসন্তের বিমর্ষ এক দুপুরে ভালোবেসে প্রতারিত হওয়া এক নারীর ভাঙা হৃদয়ের কথা উঠে এসেছে এই গানে। বারবার কষ্ট পাওয়া মন আর নতুন করে কোনো ভালোবাসায় জড়াতে চায় না এই অনুভূতিই গানটির মূল কথা, মূল সুর। দীর্ঘদিন পর এমন বিচ্ছেদের গান গেয়ে খুব আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। তবে আমার বিশ^াস ছিল যে গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে। গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি। আগামীতে এই গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালো লাগা বাড়বে বলেই আমার বিশ্বাস।’
কিছুদিন আগে রঙ্গন মিউজিকে প্রকাশিত হয়েছে সালমার কণ্ঠে জামাল হোসেনের লেখা ‘দিল দিওয়ানা’ শিরোনামের একটি গান। গানটির সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। এই গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তার চেয়ে বেশি যে গানটি এ সময়ে শ্রোতা-দর্শকের মধ্যে বেশি আলোড়ন তুলেছে, সেটি হলো ‘বন্ধু মায়ার জাদু জানে’ গানটি। গানটি লিখেছেন তানভীর আহমেদ, সুর করেছেন রুমন দেওয়ান। গানটিতে সালমার সহশিল্পী শাহীন রানা। এদিকে আপাতত স্টেজ শোর বিরতিতে আছেন। আশা করা যাচ্ছে, আগামী ঈদের পর সালমা স্টেজ শোতে আবারও ব্যস্ত হয়ে উঠবেন।