বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন এর আগে দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন মামলা বাদ দিয়ে শুধু রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আরও বেশ কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। মামলাগুলো সত্যিকার অর্থে রাজনৈতিক মামলা কি না, তা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে দেখা হবে। সালাউদ্দিন আহমদ বলেন, এর যাতে অপব্যবহার না হয়, সেজন্য যাচাই-বাছাই কমিটি করে দেওয়া হবে। আজকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।