দেশব্যাপী ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এমপি।
সভায় পানিসম্পদ মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খান খনন কর্মসূচি দিয়ে মহা বিপ্লব ঘটিয়েছিলেন। দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থার অভাব ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। জনগণের নির্বাচিত সরকার জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সব কিছু করবে বলে তিনি জানান। খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আাগামী তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে আহ্বান জানান। খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুপুত্বারোপ করেন মন্ত্রী ।
প্রতিমন্ত্রী আজাদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন এবং ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। খাল খনন বাস্তবায়নের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে।