ধর্ষণ ও আত্মসাতের মামলায় গায়ক নোবেলের জামিন

বিয়ের প্রলোভনে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণ এবং ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এক হাজার টাকা মুচলেকায় বাদীর জিম্মায় আপসের শর্তে জামিন মঞ্জুর করেন। গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম আদালতকে বলেন, আসামি অ্যারেস্ট হওয়ার পর বাদীর সঙ্গে আপসের কথাবার্তা চলছে। এ সময় আদালত বাদীর কাছে জানতে চায়, আপসের কথা হয়েছে? বাদী বলেন, ‘হ্যাঁ’। এরপর আদালত দুজনের কাছে জানতে চায় তারা আপস চান কি না। জবাবে দুইজনই ‘হ্যাঁ’ বলেন। পরে আদালত আগামী ধার্য তারিখ ২ এপ্রিল পর্যন্ত তাকে জামিন দেয়।