তাজুল বললেন

দুর্নীতির অভিযোগ বিদ্বেষপ্রসূত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর থাকাকালে দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে বিদ্বেষপ্রসূত ও মিথ্যা বলে বিবৃতি দিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, অভিযোগের সপক্ষে সামান্য তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না। গত সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সরকার। একই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। তাজুলের বিদায়ের দিন তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। তার অভিযোগ, ‘চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল সিন্ডিকেট।

গতকাল তাজুল ইসলাম বিবৃতিতে বলেন, ‘আমার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনৈক প্রসিকিউটরের বরাতে কিছু বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। ওই অভিযোগগুলো মিথ্যা ও এবং ভিত্তিহীন।’