কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় গভীর রাতে দুটি বসতঘর আগুনে পুড়ে গেছে। এ সময় নানার সঙ্গে ঘুমিয়ে থাকা তৌহিদুল ইসলাম (৮) নামে এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। সে সম্প্রতি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় তার নাতি তৌহিদুল ইসলাম। আগুনে দুটি বসতঘর পুড়ে যায়।
তৌহিদুল ইসলাম কাস্তুল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম।
তিনি জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে আগুনের খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।