প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করে আতলেতিকো মাদ্রিদকে বড় জয় এনে দিলেন নরওয়ের স্ট্রাইকার আলেকজান্ডার সোরলথ। তার দুর্দান্ত পারফরম্যান্সে আতলেতিকো ৪-১ গোলের জয় তুলে নিয়েছে। নিশ্চিত করেছে শেষ ষোলো। পরের রাউন্ডে আতলেতিকোর সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে টটেনহ্যাম হটস্পার অথবা লিভারপুল।
মঙ্গলবার রাতে রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৩তম মিনিটে গোলরক্ষক ইয়ান ওবলাকের লম্বা পাস ধরে দারুণ নিয়ন্ত্রণে বল নামিয়ে ভলিতে গোল করেন সোরলথ। শটটি প্রতিপক্ষ গোলরক্ষক সিমন মিনিওলেকে অবাক করে জালে ঢুকে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগে কর্নার থেকে হেড করে সমতা ফেরান প্রথম লেগে আত্মঘাতী গোল করা জোয়েল অর্ডোনিয়েজ।
দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় আতলেতিকো। বিরতির তিন মিনিট পর যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার জনি কার্দোসো দূরপাল্লার জোরালো শটে ক্লাবের হয়ে নিজের প্রথম গোল করেন। এরপর শেষ ১৪ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সোরলথ। তার আত্মবিশ্বাসী ফিনিশিংয়ে নিশ্চিত হয় বড় জয় এবং চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকার ধারা ভাঙে আতলেতিকো।
এই ম্যাচে সোরলথ একাদশে সুযোগ পান অঁতোয়ান গ্রিজমানের জায়গায়। সুযোগ পেয়েই গোলবন্যা বইয়ে কোচের আস্থার পুরো প্রতিদান দেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। বিশ্লেষকদের মতে, এই পারফরম্যান্স আতলেতিকোর আক্রমণভাগে নতুন আত্মবিশ্বাস যোগাবে এবং শেষ ষোলোতে ইংলিশ শক্তির বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে দলকে বাড়তি শক্তি দেবে।