তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দুলাল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)) রাতে বন্দর উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এঘটনা ঘটে।

দুলাল ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। নিহতের স্ত্রী ও ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে পাশের বাড়ির সাজিত এসে তাকে পিঠে থাপ্পর দেয়। সেও দুষ্টমি করে থাপ্পর দিলে সাজিত তার পরিবারকে জানালে পরিবারের লোকজন ওসমান গনিকে এসে মারধর করতে থাকে। এসময় দুলাল তার ছেলেকে বাঁচাতে গেলে তাকে পিটিয়ে আহত করে সাজিতের পরিবারের লোকজন।

পরে দুলালকে পুলিশ ফাঁড়িতে নিলে অবস্থা অবনতি হলে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুলালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।