পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ভোক্তাদের স্বস্তি দিতে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। রাজধানীর কারওয়ানবাজারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মহাপরিচালক ফারুক আহম্মেদ। এ সময় সংস্থাটির পরিচালক সেবাস্টিন রেমা, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিওও ইদ্রিসুর রহমান এবং দেশবন্ধু গ্রুপের মহাব্যবস্থাপক আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্যোগের আওতায় চাল, মসুর ডাল, ছোলা ও চিনি ছাড়াও কোমলপানীয় ‘ফ্রেন্ডসকোলা’ এবং ‘দেশবন্ধু ম্যাংগু ড্রিংক’ বিক্রি করা হচ্ছে নির্ধারিত সাশ্রয়ী দামে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, এটি কেবল ব্যবসায়িক উদ্যোগ নয়; বরং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আদলে সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসার অংশ হিসেবেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রমজানে বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের সহায়তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।