বেঙ্গালুরুতে ‘বাংলাদেশি সন্দেহে’ ১৮ জন আটক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক-এর রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধির অভিযোগে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নাগরিকত্ব-সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। এরপরই তাদের হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ১৮ জনের মধ্যে শিশুদের বাদ দিলে অন্যরা দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তবে সম্প্রতি তাদের চলাফেরা ও অবস্থান নিয়ে সন্দেহ দেখা দিলে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে।

গতকাল মঙ্গলবার বিকেলে তাদের বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস-এ তুলে পশ্চিমবঙ্গের উদ্দেশে পাঠানো হয়। পরে তাদের হাওড়া স্টেশন-এ আনা হয়েছে বলে জানা গেছে।

তবে হাওড়া স্টেশন থেকে তাদের পরবর্তী গন্তব্য কোথায় বা কী প্রক্রিয়ায় তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে—সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এ বিষয়ে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা তৈরি হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না বলে পুলিশ সূত্রের দাবি।