আওয়ামী লীগ নেতার জামিনে প্রতিবাদ, বিএনপিপন্থী আইনজীবী নেতা আটক

বরিশাল আদালত চত্বরে হট্টগোল ও এজলাস ভাঙচুরের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালি মডেল থানা-পুলিশ তাঁকে নিজ চেম্বার থেকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার এক আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুর করাকে কেন্দ্র করে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন এবং একপর্যায়ে আদালতের এজলাসে ঢুকে ভাঙচুর চালান। সিসিটিভি ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর আজ এই ব্যবস্থা নেওয়া হয়।

গ্রেপ্তারের পর লিংকনকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এস এম শরিয়তুল্লাহর এজলাসে তোলা হলে বিচারক তাকে তাৎক্ষণিক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই খবর ছড়িয়ে পড়লে বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের গারদখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে বিপুলসংখ্যক সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত আইনজীবীদের বাগ্‌বিতণ্ডার খবর পাওয়া গেছে।

আদালতে বিক্ষোভ চলাকালীন সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু সংবাদমাধ্যমকে জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাদের যেভাবে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে, তা নজিরবিহীন। এর প্রতিবাদে আমরা আদালত বর্জন করছি। আমাদের সভাপতিকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট বিচারকের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম জানিয়েছেন, বর্তমানে আদালতের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তারকৃত আইনজীবী নেতাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।