'সাকিব-মাশরাফী মামলা নিষ্পত্তি করে নিরপরাধ হন, মাঠে স্বাগত জানবো',- ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিব আল হাসান ও মাশারাফী বিন মোর্ত্তজাকে ক্রিকেটে ফিরতে তাদের বিরুদ্ধে হওয়া মামলা নিষ্পত্তি করার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আজ বলেছেন, ‘সাকিব এবং মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা (ভালোবাসা) রয়েছে... আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যেহেতু তাদের মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত।'

‘এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের ব্যক্তিগত যে আইনজীবী রয়েছে এবং তাদের আইনজীবীর মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো মোকাবেলা করে নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে আমি একজন খেলার মানুষ হিসেবে অবশ্যই আমি তাদের স্বাগত জানাব। আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো মোকাবেলা করে আপনারা যদি নিরপরাধ হন, মাঠে আসেন আমরা স্বাগত জানাব। এটুকুতে আমরা শতভাগ নমনীয় থাকব ইনশাআল্লাহ।'

এর আগে বিসিবির পরিচালক আসিফ আকবর এক পডকাস্টে বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল যাওয়ার পরে তাদের যে আগ্রহ এবং গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন- ৫ আগস্টের পরে যে মামলাগুলি হয়েছে সেগুলোর যাচাই বাছাই করা হবে। সত্যতা কতটুকু, কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক চেক করা হবে। সেক্ষেত্রে আমরা একটা ইতিবাচক আবহ পাচ্ছি। এখন শুধু সংক্ষেপে বলতে চাই সাকিব আল হাসান আসবেন এবং আমরা উৎসবমুখর থাকব ইনশা আল্লাহ। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে। অপেক্ষা করছি।’

নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হওয়ায় সাকিব আল হাসানের বিরুদ্ধে ২০২৪ জুলাই গণ অভ্যুত্থানের পর মামলা করা হয়। পোশাককর্মী মো. রুবেল হত্যা মামলায় আদাবর থানায় সাকিবকে ২৮ নম্বর আসামী করা হয়েছে। এ ছাড়া শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাকিবের নামে মামলা হয়েছে। এসব ঘটনার পর থেকেই দেশে ফিরতে পারছেন না তিনি। 

আওয়ামী লিগের দুবারের সংসদ সদস্য মাশরাফীর বিরুদ্ধে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে মামলা করা হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের নামে আরেকটি মামলা হয়েছে নড়াইলে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগের প্রেক্ষিতে। স্বাভাবিকভাবেই মামলা থাকায় প্রকাশ্যে আসতে পারছেন না মাশরাফি।