কয়েক বছর ধরে ছোট পর্দায় একাই যেন দর্শক মাতাচ্ছেন প্রজন্মের সেরা ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। একক কিংবা ধারাবাহিক সবখানেই নানা রঙের চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। ২০০৯ সালে ‘ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নিলয় প্রায় সাত মাস ধরে অভিনয়ের বাইরে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে সরে গিয়ে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন এই অভিনেতা। সম্প্রতি স্ত্রী-সন্তানসহ দেশে ফিরেই ফিরলেন অভিনয়ে। এরই মধ্যে পরিচালক নাজমুল রনির বেশ কয়েকটি নাটক দিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
নাজমুল বলেন, ‘অনেক দিন পর নিলয় ভাইয়ের সঙ্গে কাজ। উনিও অনেক দিন বিরতির পর কাজে ফিরেছেন। রবিবার থেকে শুটিং শুরু হয়েছে এখনো চলছে। একটি নাটকের শুটিং শেষ হয়েছে। এটি ঈদের জন্য নির্মাণ করা হয়েছে। নাটকে নিলয়ের সহশিল্পী নীলাঞ্জনা নীলা। তাদের খুব একটা জুটি হিসেবে দেখা যায় না। নাটকের নাম চূড়ান্ত হয়নি জানিয়ে এই পরিচালক বলেন, ‘এটি কমেডি ঘরানার নাটক। ঈদে দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, তেমন গল্প নিয়েই আমাদের নাটক। দর্শক পছন্দ করবেন। আর নিলয় ভাইয়ের তো একটা দর্শকশ্রেণি আছেই, আশা করি নাটকটি সাড়া ফেলবে।’
নাজমুল জানিয়েছেন, এই নাটকের শুটিং শেষ করে আরও দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন নিলয়। বাকি নাটক দুটিতে নিলয়ের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমিকে। এর মধ্যে বুধবার চলছে একটি নাটকের দৃশ্যধারণ। দেশের বাইরে থাকলেও এ সময় নিলয়ের ‘মায়াবনের হরিণ’, ‘অন্য মানুষ, ‘বাঁচবো না’, ‘পিতাপুত্রের বয়স’, ‘ঘরের নেত্রী’সহ বেশ কিছু নাটক প্রচার হয়েছে। নাজমুল জানান, টানা ঈদ পর্যন্ত শুটিং করবেন এই অভিনেতা। দেশের বাইরে থাকলেও এ সময় নিলয় অভিনীত মায়াবনের হরিণ, অন্য মানুষ, বাঁচব না, পিতাপুত্রের বয়স, ঘরের নেত্রীসহ বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে।