সমাজের নানা প্রতিকূলতা, বৈষম্য ও চ্যালেঞ্জ অতিক্রম করে যারা নিজেদের অদম্য সাহস ও কর্মদক্ষতার মাধ্যমে শক্ত অবস্থান গড়ে তুলেছেন, তাদের স্বীকৃতি দিতেই রাজশাহী বিভাগে প্রথমবারের মতো চালু হয়েছে ‘অদম্য নারী’ পুরস্কার কার্যক্রম।
গতকাল বুধবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪০ নারীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে বিভাগীয় পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচিত ১০ জনের মধ্য থেকে পাঁচজনকে সেরা ‘অদম্য নারী’ হিসেবে ঘোষণা করা হয়।
বিজয়ীরা হলেন শিক্ষা ও চাকরিতে সাফল্যের জন্য শেরপুর উপজেলার রিজু তামান্না, সমাজ উন্নয়নে অবদানের জন্য শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম, অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য পাবনা সদর উপজেলার মোছা. লতা খাতুন, সফল জননী হিসেবে মোহনপুর উপজেলার রাশেদা বেগম এবং নির্যাতন কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করার জন্য চারঘাট উপজেলার রাজিয়া খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, নারীরা আজ শুধু পরিবার নয়, রাষ্ট্র ও সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি। প্রতিকূলতা পেরিয়ে যারা এগিয়ে চলেছেন, তাদের স্বীকৃতি দেওয়া মানে পুরো সমাজকে এগিয়ে নেওয়া। এই সম্মাননা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম।