বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম কিনবে না সৌদি

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে হাঁস-মুরগি এবং ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্র্তৃপক্ষ (এসএফডিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সংক্রামক ‘অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ বা বার্ড ফ্লুসহ বিভিন্ন প্রাণীবাহিত রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ৪০টি দেশের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা ছাড়াও আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ দেওয়া হয়েছে। গালফ নিউজ জানিয়েছে, সর্বশেষ সংশোধিত তালিকা অনুযায়ী, ২০০৪ সাল থেকে কিছু নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ ছাড়া ঝুঁকি মূল্যায়ন ও আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে আরও কিছু দেশকে ধাপে ধাপে নিষেধাজ্ঞার তালিকায় আনা হয়েছে। বিশেষত উচ্চমাত্রায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের ওপর নজর দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় এসেছে আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, সেøাভেনিয়া, আইভরি কোস্ট ও মন্টেনেগ্রো। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও ডিআর কঙ্গোর নির্দিষ্ট অঙ্গরাজ্য বা শহর থেকে আমদানিতে আংশিক নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। কর্র্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হলে প্রক্রিয়াজাত করা মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে এ ধরনের পণ্যের সঙ্গে অবশ্যই সরকারি সনদ থাকতে হবে, যাতে উল্লেখ থাকবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে।