মাদারীপুরের শিবচরে একটি খামারে আগুন লেগে সাতটি গরু, ২০টি হাঁস ও একটি ছাগল পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামের এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক ওবায়দুল মোল্লা।
ক্ষতিগ্রস্থ ওবায়দুল মোল্লা জানান, বুধবার রাতে গবাদী পশুর খামারে হঠাৎ আগুন লেগে নিমিশেই চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে ৭ টি গরু, ১ টি ছাগল ও ২০ টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছলেও এর আগেই স্থানীয়রা প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খামার মালিক বলেন, গবাদিপশুই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। অগ্নিকাণ্ডে সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।
এদিকে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।