ভিনিসিউসের গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেনফিকাকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এতে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে তারা শেষ ষোলো নিশ্চিত করেছে। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিনিসিউস জুনিয়র। প্রথম লেগে গোল করার পর তিনি অভিযোগ করেছিলেন, প্রতিপক্ষের জিয়ানলুকা প্রেস্টিয়ানি তার প্রতি বর্ণবাদী আচরণ করেছেন। পরে প্রেস্টিয়ানিকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়, ফলে ফিরতি লেগে খেলতে পারেননি তিনি। বুধবারের ম্যাচ শুরুর আগে গ্যালারিতে স্প্যানিশ ভাষায় ‘বর্ণবাদকে না’ লেখা ব্যানার প্রদর্শন করে সমর্থকেরা ভিনিসিউসের প্রতি সংহতি জানান।

মাঠের লড়াইয়ে অবশ্য সব মনোযোগই ছিল ফুটবলে। ম্যাচের ১৪ মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে যায় বেনফিকা। গোলরক্ষক থিবো কোর্তোয়া আত্মঘাতী গোল ঠেকালেও ফিরতি বলে জাল খুঁজে পান রাফা। তবে দুই মিনিটের মধ্যেই সমতা ফেরান অরেলিয়েন চুয়ামেনি। বক্সের প্রান্ত থেকে দারুণ শটে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলটি করেন তিনি।

চোটের কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। আক্রমণে তার অভাব কিছুটা টের পেলেও ম্যাচের শেষভাগে দায়িত্ব তুলে নেন ভিনিসিউস। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে নিখুঁত ফিনিশে জয়সূচক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সাম্প্রতিক পাঁচ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল। এই জয়ে শেষ ষোলোতে উঠে রিয়াল অপেক্ষা করছে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিংয়ের বিপক্ষে সম্ভাব্য লড়াইয়ের জন্য।