রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে হত্যার শিকার হয় রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বিন্তি। সে হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছিল শাহরিয়ার শারমিন বিন্তি। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পরই পরিস্থিতি বদলে যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, রক্তমাখা ছুরি হাত দিয়ে মুছছে সেই তরুণ। একই সঙ্গে শোনা যায় এক কিশোরীর আর্তচিৎকার।
ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় জীবন বাঁচানোর চেষ্টা করে পাশের বাসার এক নারীর গায়ে ঢলে পড়ে বিন্তি। শেষ শক্তি দিয়ে হামলাকারীর নাম বলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। ওই নারী জানান, বিন্তিকে জড়িয়ে ধরলে সে বলে সিয়াম ছুরি দিয়ে আঘাত করেছে।
পরে গুরুতর অবস্থায় বিন্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।