মাগুরায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ১৫

আসন্ন ঈদের চাল বিতরণ কমিটি গঠন সংক্রান্ত দ্বন্দ্বে মাগুরায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টার পর মাগুরা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে বাটিকাডাঙা মোড়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে চাল বিতরণ নিয়ে ওয়ার্ড বিএনপির সঙ্গে স্থানীয় কিছু বিএনপি সমর্থকদের মাঝে দ্বন্দ্ব বাধে। এ সময় বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি তরিকুল শেখ ও আবু মিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে বিক্ষুব্ধরা পালিয়ে যায়। 

৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম দাবি করেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল বিএনপি নামধারী ব্যক্তি বিএনপির অফিস ভাঙচুর চালায়। এ ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, সংঘর্ষে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাটিকাডাঙ্গা এলাকায় স্থানীয় বিএনপি অফিস ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।