জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার নেতা আহমেদুর রহমান তনুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তাকে অব্যাহতির বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, অলটারনেটিভ নামের একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি আমাদের সবশেষ দলীয় মিটিংয়ে দলের বিভিন্ন ভুল নিয়ে আমি প্রশ্ন তোলার কারণে আমাকে হয়তো এই শাস্তি দিয়েছে। তবে বিষয়টি আমাকে তারা ব্যক্তিগতভাবে জানাতে পারতো।