গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেই এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। তবু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি প্রাসঙ্গিক। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত। এবার চমকপ্রদ একটি পরিসংখ্যান সামনে আনলেন ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ।
গত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার করা ১৮৭ রান তাড়ায় মাত্র ১১১ রানে গুটিয়ে যায় সূর্যকুমার যাদবের দল। এবার শেবাগ দাবি করেছেন, বিরাট কোহলি বড় ইনিংস না খেললে বিশ্বকাপে ১৬০ রানের বেশি তাড়া করে ভারত কখনো জেতেনি! কিন্তু সেই বিরাট কোহলি তো এখন আর নেই। চলতি আসরে এখন পর্যন্ত ১৬০ এর বেশি রান করা ম্যাচগুলোর সবকটিতেই ভারত আগে ব্যাট করেছে।
শেবাগ বলেন, ‘ভারত ১৬০ এর বেশি তাড়া করে জিতেছে কেবল তখনই, যখন বিরাট কোহলি রান করেছে। বেশির ভাগ সময় সে অপরাজিত থেকেছে ৮০, ৬০ বা ৫০ রানে। কোহলি ম্যাচ শেষ করার ক্ষমতা রাখত। (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) কে ম্যাচ শেষ করল? এই বিশ্বকাপে কে ম্যাচ শেষ করেছে? তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া—সবার সুযোগ ছিল। কাউকে না কাউকে বিরাট কোহলি হতে হবে। কাউকে ম্যাচ শেষ করতে শিখতে হবে।’
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবর পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলেন শেবাগ, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সূর্যকুমারকে স্বাভাবিক খেলতে দেখিনি। মনে হচ্ছিল সে চাপের মধ্যে খেলছে, বাঁচানোর চেষ্টা করছে। ভয় নিয়ে খেললে বড় ম্যাচ জেতা কঠিন। ভারতকে নির্ভীক ক্রিকেট খেলতে হবে। স্কোরবোর্ড সামনে থাকে। তখন হিসাব করে খেললেই ম্যাচ জেতানো যায়। স্ট্রাইক রেট নিয়ে এত ভাবার দরকার নেই, যদি কেউ শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাতে পারে। খেলোয়াড়দের দায়িত্ব নিতে হবে।’