চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ডাকাতরা চন্দন দে ও পাশ্ববর্তী নিতাই দে’র বাড়ি থেকে তিনটি গরু নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চন্দন দে’র মৃত্যু হয়। এদিন ভোররাত ৪টা ৪০মিনিটের দিকে চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর গাছবাড়িয়া চন্দন দে’র বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। নিহত চন্দন দে একই এলাকার মৃত রেবতী দে’র সন্তান।
পুলিশ ও স্থানীয়র জানায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে একটি হাইস গাড়ি নিয়ে ৫ থেকে ১০ জন ডাকাত চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর গাছবাড়িয়া চন্দন দে ও নিতাই দে’র বাড়ির গোয়ালঘরে ঢুকে গরু নিতে গেলে চন্দন দে বাধা দেন। তখন তাঁকে গুলি করে ডাকাতরা, এতে গুরুতর জখম হোন চন্দন দে, ডাকাতরা তিনটি গরু নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে আসেন।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, তিনি ঘটনাস্থলে আছেন। চন্দন দে’র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।