বগুড়ায় সেমাই কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার কাহালু উপজেলায় ভেজাল বিরোধী যৌথ অভিযানে সেমাই কারখানার এক মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কাহালু উপজেলার শেখাহার এলাকায় ‘ভাই-ভাই লাচ্ছা সেমাই’ কারখানায় অভিযান চালিয়ে ওই জরিমান করা হয়। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযানকালে ওই কারখানায় একাধিক অনিয়ম দেখতে পান কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানায় পা দিয়ে সেমাইয়ের খামির প্রস্তুত করছিল শ্রমিকরা। এছাড়া নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং সেমাই সংরক্ষণ করতেও দেখা যায়। সেমাই উৎপাদনে পোড়া তেল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং ক্যাব বগুড়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে র‌্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কঠোর নির্দেশ দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।