গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া—টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, দেশ নায়ক তারেক রহমান আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। এজন্য তিনি সকলের দেশপ্রেম ও আন্তরিকতাকে কাজে লাগিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, তারেক রহমান প্রতিদিন সকাল ৯টায় তার দপ্তরে উপস্থিত হন। আপনারাও নিজ নিজ দায়িত্ব যথাসময়ে ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন—এটাই আমরা প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের তিনটি আসনই এখন জাতীয়তাবাদী দলের দখলে। এ অঞ্চলের উন্নয়নে কোনও ঘাটতি থাকবে না। ইতোমধ্যে কোটালীপাড়া—টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে দেশনায়ক তারেক রহমানের সঙ্গে তার আলোচনা হয়েছে। জেলার জনগণ উন্নয়নের কোনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না বলে তিনি আশ্বাস পেয়েছেন।
কোটালীপাড়ার উন্নয়ন প্রসঙ্গে এস এম জিলানী জানান, স্থানীয় সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি যোগাযোগ করেছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কোটালীপাড়া উপজেলার ৬০০ কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে, যা আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি বলেন, আপনাদের সহযোগিতা পেলে কোটালীপাড়া উপজেলা উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তুলব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাসের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্য পদসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।