ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মহিউদ্দিন (৪০) নামের ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, বগি দা ও ছুড়িসহ প্রায় ১০টি বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক মহিউদ্দিন ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকার খোকনের ছেলে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে একই ইউনিয়ানের চর ইলিশা গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মানুষের জানমালের নিরাপত্তায় ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত বিভিন্ন ইউনিয়নের অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিমের একটি টিম সদর উপজেলার ইলিশা ইউনিয়নে অভিযান চালায়। এ সময় চর ইলিশা গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগানের ভিতর থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মহিউদ্দিন নামের এক ডাকাত সদস্যকে আটক করা হয়।
এ সময় মহিউদ্দিনের কাছ থেকে ১টি লোহার হাতল যুক্ত চাইনিচ কুড়াল, ১টি লোহার পাইপ রেইঞ্চ, ২টি কাঠের হাতলযুক্ত দাড়ালো বগিদা, ২টি ধারাালো ছুরি, ১টি লোহার গেজি, ১টি লোহার সাবল, ১টি লোহার রড ও ২টি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়।
ভোলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।