ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজন আটক

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মহিউদ্দিন (৪০) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, বগি দা ও ছুড়িসহ  দেশীয় ১০ অস্ত্র উদ্ধার করা হয়। আটক মহিউদ্দিন ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকার মো. খোকনের ছেলে।  মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে একই ইউনিয়ানের চর ইলিশা গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগান থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার ইলিশা ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর ইলিশা গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মহিউদ্দিন নামে এক ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় মহিউদ্দিনের কাছ থেকে একটি লোহার হাতলযুক্ত চাইনিজ কুড়াল, একটি লোহার পাইপ রেইঞ্চ, ২টি কাঠের ধারালো বগিদা, ২টি ধারাালো ছুরি, একটি লোহার গেজি, একটি লোহার সাবল, একটি লোহার রড ও ২টি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়। ভোলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইকবাল হোসেন এ তথ্য জানান। তিনি জানান, আটক মহিউদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।