বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী বাদশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় সুত্রে জানা যা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারি বগুড়া-৬ সদর আসন থেকে সোয়া লক্ষাধিক ভোট বেশি পেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক নির্বাচিত হন। গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

সেসময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। ঢাকা-১৭ আসন রেখেছেন।

আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

এদিকে বৃহস্পতিবার ইফতারের পর বগুড়া-৬ আসন থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়ন নিশ্চিত হওয়ায় আনন্দের জোয়ার ভাসছে দলীয় নেতাকর্মীরা। রেজাউল করিম বাদশা বগুড়া পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, তারেক রহমান আমাদের সর্বোচ্চ ঠিকানা। তিনি জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোননীত করেছেন। তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন সময় সকলকে এক হয়ে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করা। উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়নে সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রেজাউল করিম বাদশা।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর বগুড়ার কোন উন্নয়ন করেনি ফ্যাসিস্ট সরকার। এবার বগুড়াবাসীর প্রত্যাশা পূরণ হবে। আমরা আনন্দিত রেজাউল করিম বাদশা আমাদের ঐতিহ্যবাহী বগুড়া প্রেসক্লাবের একজন সদস্য। আমরা বাদশা ভাইয়ের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।