সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেওয়া কণ্ঠশিল্পী মাসুম আবারও হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। ধারাবাহিকভাবে নতুন গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়ে নেওয়া এই শিল্পী সম্প্রতি সম্পন্ন করেছেন দুটি নতুন গানের মিউজিক ভিডিওর কাজ। গান দুটি হলো ‘ভালোবাসি তোমায়’ ও ‘এ হৃদয়’।
মিউজিক ভিডিও দুটির শুটিং হয়েছে জিএম রিসোর্ট-এর মনোরম ও নান্দনিক পরিবেশে। গান দুটির সংগীতায়োজন করেছেন অমিত। কথা ও সুরে রয়েছেন মাসুম ও শুভ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শামীম আহসান। গান দুটি প্রযোজনা করেছে শুভ মিউজিক বাংলা।
মিউজিক ভিডিও দুটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া। কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি মূলত নাটক ও বিজ্ঞাপনে কাজ করি। এই প্রথম মাসুমের গানের মডেল হয়েছি। গানগুলো আমার খুব ভালো লেগেছে। আমি বিশ্বাস করি, দর্শকরাও গান দুটি পছন্দ করবেন।
অন্যদিকে কণ্ঠশিল্পী মাসুম বলেন, ‘জয়া একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত বহু নাটক দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। আমার দুটি মিউজিক ভিডিওতে তিনি অভিনয় করেছেন- এটি আমার জন্য আনন্দের। গানগুলো খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। আশা করি প্রকাশের পর দর্শকদের ভালো লাগবে।’ উল্লেখ্য, খুব শিগগিরই গান দুইটি শুভ মিউজিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।