সকল আইপি টিভি ও অনলাইন পোর্টাল গুলোকে একটি নীতিমালার মধ্যে আনা হবে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ সংসদীয় আসন ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাদের সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। এজন্য অনলাইন পোর্টাল আইপি টিভিগুলোকে একটি নীতিমালার মধ্যে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে। স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, আমাকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি করা হয়েছে। আমি চেষ্টা করব সারা দেশে যাতে সাংবাদিকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা যায়।
প্রতিমন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার নিজ নির্বাচনী এসে ব্যস্ততম দিন পার করেন ইয়াসের খান চৌধুরী। প্রেস ক্লাব পরিদর্শন শেষে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নানা পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পরে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।