সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল করা হবে না, হজ যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, আপনারা দোয়া করবেন মানুষের আশা-প্রত্যাশা যেন বাস্তবায়ন করতে পারি। এক বছরের মধ্যে সার্বিক বিষয়ে দৃশ্যমান পরিবতর্ন দেখতে পাবে দেশবাসী।

সিলেটে বিভাগের উন্নয়নে আমরা নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করতে চাই উল্লেখ করে মন্ত্রী বলেন, সিলেটের মহাসড়ক, রেল, বিমানের সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাগেজ নিয়ে টানাটানি প্রতিরোধ করা, প্রবাসীরা যাতে বিমানবন্দরে এসে সবধরনের সুযোগ সুবিধা পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।

এদিন বিকেলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সিলেট জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরাণ, গোয়াইনঘাট যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন প্রমুখ।