অবিশ্বাস্য

বাঘের জিভে ‘কাঁটা’

বাঘের জিভে লুকিয়ে থাকে এক ভয়ংকর কাঁটা। এতে থাকে কেরাটিনে তৈরি অসংখ্য ধারালো ক্ষুদ্র কাঁটা, যেগুলো বৈজ্ঞানিক ভাষায় ‘প্যাপিলা’ নামে পরিচিত। এই কাঁটাগুলো বাঘের খাবার গ্রহণ এবং শরীর পরিচর্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন শিকার খায়, তখন জিভের শক্ত কাঁটাগুলো হাড়ে লেগে থাকা মাংস খুব সহজেই আলাদা করতে পারে বাঘ। ফলে শিকারের প্রায় কোনো অংশই নষ্ট হয় না। শুধু খাবার খাওয়ার ক্ষেত্রেই নয়, বাঘ নিজের শরীর পরিষ্কার রাখার কাজেও এই জিভ ব্যবহার করে। জিভের কাঁটাগুলো ব্রাশের মতো কাজ করে লোমের ভেতরে জমে থাকা ময়লা, মৃত লোম এবং পরজীবী সরিয়ে দেয়। ফলে বাঘের ত্বক সুস্থ থাকে এবং শরীরের তাপ নিয়ন্ত্রণে সহায়তা হয়। বিশেষজ্ঞদের মতে, বাঘের জিভের রুক্ষ গঠন তাকে দ্রুত শিকার খাওয়ার সুবিধা দেয়, কারণ জঙ্গলে অনেক সময় অন্য শিকারিদের সঙ্গে খাবারের প্রতিযোগিতা করতে হয়। প্রকৃতির নিখুঁত পরিকল্পনায় তৈরি এই বিশেষ বৈশিষ্ট্যই, বাঘকে জঙ্গলের অন্যতম সফল শিকারিতে পরিণত করেছে।