বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। বাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে দায়িত্ব পেয়েছেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। একই আদেশে কিউএমজির দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেনা সদর থেকে এ আদেশ জারি করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
লেফটেন্যান্ট জেনারেল শাহীনুল হক এনডিসির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনের সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পদ ‘চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)’ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শাহীনুল হক চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া গত বছর অক্টোবর থেকে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতির আগে স্বল্প সময়ের জন্য তিনি ‘ডিজিএফআই’র মহাপরিচালক ছিলেন।
অন্যদিকে গতকাল পৃথক আদেশে আরও একাধিক সেনা কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে। তিনি এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। লগ এরিয়ার এ দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান অবসরে গেছেন।